*রাজস্থলী থেকে : আব্দুর রাজ্জাক* —রাঙামাটি জেলার কাপ্তাই জোনের নির্দেশনায় এবং রাজস্থলী সাব-জোনের তত্ত্বাবধানে রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারীদের মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩১ মে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাকিব।
সম্মেলনে সাব-জোন কমান্ডার স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের এলাকার সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার কথা শোনেন।
সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাকিব বলেন, “রণজয়ী-৩৮ দায়িত্ব গ্রহণের পর থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকায় কাজ করছে। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ঝুঁকি মোকাবিলা করে কাজ করছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে।”
তিনি আরও বলেন, “কাপ্তাই জোনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠছে এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। দুর্গম এলাকার মানুষকে আধুনিক সুবিধার আওতায় আনতে আমরা কাজ করছি। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”
এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোনের জেসিও ওয়ারেন্ট অফিসার তৌহিদ, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মৌজার ৪ জন মেম্বার, ৫ জন হেডম্যান ও ৫৩ জন কারবারী। এছাড়া গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
*#রাজস্থলী #রাঙামাটি #সেনাবাহিনী #পার্বত্যউন্নয়ন*
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
