খাগড়াছড়ি সংবাদদাতা —খাগড়াছড়ি জেলার পানছড়িতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ১৬ হাজার টাকারও বেশি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ মে (রবিবার) সকাল ১০টার দিকে পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৩২.৮১ ঘনফুট (৭৯৪ পিস) অবৈধ মূল্যবান সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয় বিজিবি টহলদল।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর জব্দকৃত এই কাঠের চালানটি খাগড়াছড়ি জেলার পানছড়ি বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি চোরাচালান দমন এবং মূল্যবান বনজ সম্পদ রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। বনজ সম্পদ ধ্বংসকারী ও কাঠ পাচারকারীদের প্রতিরোধে বিজিবির এই কঠোর গোয়েন্দা নজরদারি এবং বিশেষ আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
