মুক্তাগাছায় ইটের সলিং রাস্তা নির্মাণে নিম্ন মানের ইট ব্যবহার

ময়মনসিংহ থেকে আঞ্চলিক প্রতিনিধি ঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশেমপুর ইউনিয়ন পরিষদের সংলগ্ন তিনশত ফুট ইটের সলিং রাস্তা নির্মাণে নিম্ন মানের ইট ব্যবহার করা হয়েছে। এতে সরকারের স্বার্থের পরিপন্থি কাজ করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। জানা যায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। উক্ত টাকা দিয়ে ইউনিয়নের ঝনকা বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের পিছনে মিনালের বাড়ী হইতে খলিলের বাড়ি পর্যন্ত সাত ফুট প্রস্থ ও তিনশত বিশ ফুট দৈর্ঘ্য ইটের সলিংয়ের কাজ করা হচ্ছে। উক্ত প্রকল্পের দায়িত্বে আছেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগম। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তায় অতি নিম্ন মানের ইট ব্যবহার করা হয়েছে। ইটগুলো পুরা মাটির মতো যাহা অতি সামান্য চাপেই গুরো হয়ে যাচ্ছে। এতে সরকারের অর্থের অপচয় করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়নের জড়িত তারা নাম মাত্র নিম্ন মানের ইট দিয়ে কাজ করে নিজেরা লাভবান হচ্ছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।