চট্টগ্রাম প্রতিনিধি–বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোণার মোহনগঞ্জে পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেছেন রাফি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রাফি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে তাঁর গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। একটি শপিং ব্যাগে আগুন ধরিয়ে বাড়ির বারান্দায় নিক্ষেপ করা হয়। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বেরিয়ে এসে আগুন দেখতে পান। তাঁর চিৎকার ও তাৎক্ষণিক তৎপরতায় রাফির বাবা-মা ঘুম থেকে জেগে ওঠেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুনে বাড়ির পাশে থাকা মাছ ধরার ঠেলা জালের একাংশ পুড়ে যায়। এর ঠিক ওপরেই ছিল বিদ্যুতের মিটার।
রাফি অভিযোগ করেন, তাঁর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তিনি বলেন, সারা দেশে একের পর এক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড কোনো রাজনৈতিক সংগঠনের কাজ হতে পারে না; বরং এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জুলাই আন্দোলনের সম্মুখসারির সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িতে ভাঙচুর, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাফি বলেন, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। যারা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে, তাদের প্রতিহত করতে হবে। পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।
নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশকে দেখিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। পুলিশের এমন নিষ্ক্রিয়তা তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাফি। তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই-পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর বিভিন্ন মহলের তদবিরে তাঁদের ছেড়ে দেওয়ার অভিযোগও করেন রাফি। এ প্রসঙ্গে তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ত্যাগের মূল্যায়ন করতে হবে এবং যারা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে।
আওয়ামী লীগের উদ্দেশে রাফি বলেন, মৃত্যুর ভয় দেখিয়ে তাঁদের আন্দোলন থামানো যাবে না। ২০২৪ সালের ৩ আগস্ট তাঁর মা ফোন করে তাঁকে সাহস জুগিয়েছিলেন। সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনার পরও তাঁর মা ভীত নন বলে জানান তিনি। মায়ের সাহসী অবস্থানের কথা তুলে ধরে রাফি বলেন, জুলাইয়ে গুলিও তাঁদের লড়াই থামাতে পারেনি, অগ্নিসন্ত্রাসও পারবে না।
তিনি বলেন, ‘আমাদের কোনো পিছুটান নেই, আমাদের সামনে শুধুই বাংলাদেশ। আমি যদি মরেও যাই, জনগণের পক্ষের এই লড়াই চলবেই, ইনশাআল্লাহ।’
সংবাদ সম্মেলনে তিনি তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিসংযোগের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
