জামিন ছাড়াই কারাগার থেকে ছেড়ে দেওয়া হল হত্যা মামলার ৩ আসামি ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ প্রতিনিধি; ২৯ জানুয়ারী: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কোনো প্রকার জামিননামা ছাড়াই কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার ৩ আসামীকে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ভুল মুক্তি বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। পরিস্থিতি সামাল দিতে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি গোপন রাখে কারা কর্তৃপক্ষ। কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন— মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। তাদের সবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এটি একটি ভুলমুক্তির ঘটনা ঘটেছে। কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছেন।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দিয়েছে।
দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ অসতর্কতাবশতঃ এই ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা বা ভিন্ন কোনো উদ্দেশ্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিআইজি প্রিজন্স।