ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভুয়া ডিবি পুলিশের আইডি কার্ড দেখিয়ে দুই জনকে গ্রেপ্তারের করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার পর জনতার হাতে আটক হয় তিন যুবক। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দু’টি হাতকড়া, একটি ওয়াকিটকি, দু’টি ডিবি পুলিশের জ্যাকেট, পাঁচটি ভুয়া আইডি কার্ড, ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র, একটা মনিটর, একটা ডেক্মটপ, একটা কালার প্রিন্টার ও সাতটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার আবুল কালামের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), রাকিবুল হাসান রনি (২৮), মোফাজ্জল হোসেন (৩০) সারোয়ার হোসেন (২৩), সারোয়ার হোসেন (২৫) ও আশরাফুল আলম (২৫)।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গতকাল বুধবার রাত ১০ টার দিকে ডিবি পুলিশের পোশাক পড়ে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধি অভিযান পরিচালনা করেন। অভিযানে কামাল ও হারুন নামে দুই ব্যক্তিকে হাতকড়া পড়িয়ে গ্রেপ্তার করে। পরে ৬ হাজার টাকার বিনিময়ে দু’জনকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাদের ঘেরাও করে। এসময় এ চক্রের অন্য সদস্য দৌড়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে স্থানীয় জনতা। এমতাবস্থায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়ার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে এই চক্রটি ডিবি পুলিশের পোশাক পরিধান করে নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকায় প্রতারনা শুরু করেন। দিনের বেলায় টার্গেট করে রাতের বেলায় তারা তাদের মিশন শুরু করেন। কখনো মাদকের অভিযান, আবার কখনো আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তারের নামে টাকা হাতিয়ে নেন। এদের সাথে বিশ্ব বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা জড়িত থাকার কথাও জড়িত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এএসএম আব্দুললাহ বলেন, বুধবার রাতে হাতকড়া ও ওয়াকিটকি নিয়ে অভিযানে আসে এ চক্র। এসময় দুজনকে আটকের নাটক সাজিয়ে টাকা দাবি করায় স্থানীয়দের এতে সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয় জনতা তাদের আটক করেন।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা হচ্ছে এদের মাঝে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী রয়েছে। এই চক্রের আরও অনেক সদস্য রয়েছে। গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
