নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম—চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহৎ পাইকারি বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের ওপর সন্ত্রাসী হামলা এবং ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর তিন পুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলায় জড়িতরা হলেন- জসীমউদ্দীন প্রকাশ আরমান (৪৫), সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ (৪০), দিদারুল আলম প্রকাশ কালুদিদার (৫৫) ও আবু সালেহ আবিদ (৩৫)। এছাড়া আরও ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত ছিল।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা চমেক হাসপাতালে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, “জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তাঁর ওপর এ ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা ওত পেতে ছিল। জাকিরকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিরিচ দিয়ে কোপানো হয়। তাঁকে মৃত ভেবে ফেলে গেলে এক পথচারী উদ্ধার করেন।
ব্যবসায়ীরা বাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
