কারো প্রতি গোলামি নয়, রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদুল

এম এ রাশেদ চৌধুরীঃ—–চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সরকারি কর্মচারীরা কোনো ব্যক্তির গোলাম নয়; তারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের জন্য শপথবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শুধু একটি ভোটগ্রহণ নয়, এটি আগামী বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে সেই বাংলাদেশের ভিত্তি নির্মাণ, যেখানে আমরা, আপনারা এবং আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। এই নির্বাচন নতুন বাংলাদেশের পথে একটি ঐতিহাসিক ধাপ।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু আমরা—সরকারের কর্মচারীরা—জেতাতে চাই পুরো বাংলাদেশকে।”

নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের বিশ্বাস ও অন্তর্বর্তীকালীন সরকারের আস্থার সঙ্গে প্রতারণা হলে তা বিশ্বাসঘাতকতার শামিল হবে এবং কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।

নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যা হবে উৎসবমুখর এবং আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ।

এই লক্ষ্য অর্জনের সবচেয়ে বড় পরীক্ষা হলো নিরপেক্ষতা।”
তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির ব্যাপক মোতায়েন সম্পন্ন হয়েছে এবং পাঁচ মিনিটের মধ্যে ফোর্স ঘটনাস্থলে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আনসার ও ভিডিপির পরিচালক এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।