দেশব্যাপী সাংবাদিকদের হয়রানি, মিথ্যা মামলায় কারাগারে: জেএসকেপি চেয়ারম্যান

রূপান্তর বাংলা ডেস্ক* ঢাকা* — দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও কারাগারে পাঠানোর অভিযোগ তুলেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের (জেএসকেপি) চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন রানা

তিনি বলেন, “মব সৃষ্টি করে যেমন মানুষের মন জয় করা যায় না, তেমনি সাংবাদিকের কলমকে থামিয়ে দিলে বিবেকের আলোও নেভানো যায় না।”

জেএসকেপি চেয়ারম্যানের অভিযোগ, বাংলাদেশে যখন যে সরকার আসে, তখন নিজের স্বার্থে সাংবাদিকদের গলা চেপে ধরে। মামলা-হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে কলম থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই কলম চালাতে গিয়ে অনেক সাংবাদিককে জীবনও দিতে হয়েছে। অথচ বিনিময়ে সরকার সাংবাদিকদের জন্য কিছুই করেনি। দু’একজনের জন্য কিছু করা হলেও তা সরকারের অনুগত লোকদের জন্যই।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে কতজন সাংবাদিক রয়েছেন, তার সঠিক হিসাব সরকার বা তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। গ্রামবাংলায় প্রায় ৬৮ হাজার সাংবাদিক কাজ করলেও তাদের কোনো তালিকা সংরক্ষিত নেই। একইভাবে দেশে কতজন সাংবাদিক নির্যাতিত, নিপীড়িত বা মিথ্যা মামলায় কারাগারে আছেন, তারও কোনো সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই।

*খাগড়াছড়ির সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবি*
জেএসকেপি চেয়ারম্যান খাগড়াছড়ি জেলার জ্যেষ্ঠ সাংবাদিক জিতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। তিনি বলেন, “একজন সাংবাদিকের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করা গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের পূর্বশর্ত।”

তিনি মনে করেন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা না হলে সমাজে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয় এবং জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ন হয়–www.rupantarbangla.com