পলাশে পাওনা টাকা চাইতেই হামলা-ভাঙচুর, খুনের হুমকি; পলাতক মোফাজ্জল ধরিয়ে দিলেই মিলবে ৫০ হাজার টাকা”

নরসিংদী প্রতিনিধি | রূপান্তর বাংলা : সাংবাদিক শাহিন আহাম্মেদ।

নরসিংদীর পলাশ উপজেলার কাওয়াদির গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, ভাঙচুর ও খুনের হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে মতালিব, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে মোফাজ্জলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাওয়াদির গ্রামের মারফত আলীর ছেলে মতালিবের কাছে পূর্বে ধার দেওয়া টাকা ফেরত চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মতালিব, তার স্ত্রী সেলিনা বেগম, মেয়ে সখিনা ও ছেলে মোফাজ্জল লাঠিসোঁটা নিয়ে পাওনাদারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়ির বাউন্ডারি ভেঙে ফেলা ও ব্যাপক ভাঙচুর করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরিস্থিতি ধারণ করতে ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ভিডিও করতে গেলে তার ওপরও হামলা চালানো হয়। এতে সাংবাদিক ও পাওনাদার উভয়েই আহত হন।

নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভুক্তভোগী পলাশ থানায় মামলা দায়ের করেন। পরে পলাশ থানার পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম তদন্ত করে ঘটনার সত্যতা পান বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জলের বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। স্থানীয় সূত্র জানায়, পলাতক মোফাজ্জলকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।