ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বিভাগীয় টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:—-ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় নির্ধারণে ময়মনসিংহ বিভাগীয় টাস্কফোর্সের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাকবিরোধী কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় টাস্কফোর্সের সদস্যবৃন্দ তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। এ সময় সদস্য হিসেবে এডভোকেট মোঃ আনোয়ার আজিজ টুটুল বক্তব্য রাখেন। তিনি তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ ও ধূমপানমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।