ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ইন্টারনেট বিল নিয়ে কথাকাটাকাটির জেরে দুই শিক্ষকের উপর হামলা। হামলায় মুক্তাগাছা কেন্দ্রীয় পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক ও কলাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আহত হন। এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ ফজলুল হক শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, এডিএন টেলিকম লিমিটেডের প্রতিনিধি আবু সাঈদ উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ও ২০২৫ সালের জুন জুলাই মাসে ইন্টারনেট রাউটার স্থাপন করে। সংযোগের প্রথম মাস পরীক্ষামূলক নেট চালু রাখলেও পরবর্তী সময়ে কোন ইন্টারনেট সংযোগ প্রদান করেননি। বিভিন্ন সময় এডিএন টেলিকম লিমিটেডের সাথে যোগাযোগ করার পর আশ্বাস দিলেও ইন্টারনেট ডাটা প্রদান করেনি। ৯৮টি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা শিক্ষা অফিসার মিটিং কল করে এবং সেখানে এডিএন টেলিকম লিমিটেডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মিটিংএ সকল প্রধান শিক্ষক এডিএন টেলিকম লিমিটেড কে জানিয়ে দেয় যে ১ মাস ইন্টারনেট সংযোগ ছিল শুধুমাত্র ঐ ১ মাসের বিল ভাউচারের প্রত্যয়ন প্রদান করবেন। মিটিংএ শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক নেতা এডিএন টেলিকম লিমিটেডের সাথে কথাবলে বিষয়টি নিয়ে গত ২৩ জুন উপজেলা শিক্ষা অফিসে এসে পূর্বের ১২ মাসের ইন্টারনেট বিল উত্তোলনের জন্য বিল ভাউচার জমা দেন। এ সময় সেখানে উপস্থিত কলাদিয়া হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং অভিযোগকারী মোহাম্মদ ফজলুল হক সহ অন্যান্য শিক্ষকরা এই অনিয়ম ও বিলের তীব্র প্রতিবাদ জানান।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভুক্তভোগী মুক্তাগাছা কেন্দ্রীয় পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক বাদী হয়ে এডিএন টেলিকম লিমিটেড এর কর্মকর্তা আবু সাঈদ সহ ৪ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল এর সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে ইন্টারনেট স্থাপনকারী এডিএন এর কর্মকর্তা আবু সাঈদ ও স্কুলের প্রধান শিক্ষকদের সাথে ইন্টারনেট বিল নিয়ে সমযোতা হয়। কিন্তু পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসে এ নিয়ে কথাকাটাকাটির হাতাহাতির ঘটনা ঘটেছে জানতে পারি। হাতাহাতির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
