যেখানেই অসহায় মানুষের আত্মচিৎকার, সেখানেই এমপি দীপেন দেওয়ান। বিলাইছড়ির বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

রূপান্তর বাংলা জেলা প্রতিনিধি, রাঙামাটি–রাঙামাটি: প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার (১৪ জুলাই) তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এসময় তিনি তাদের সার্বিক খোঁজখবর নেন এবং দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দেন।

এমপি দীপেন দেওয়ান বলেন, “যেখানেই অসহায় মানুষের আত্মচিৎকার, সেখানেই আমাদের পৌঁছাতে হবে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবো।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য ড্যানিয়েল পাঙ্খোয়া, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, থানার ওসি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিলাইছড়ি উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন পরিকল্পনা এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের কর্মকর্তারা চলমান কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।

সভা শেষে সংসদ সদস্য দীপেন দেওয়ান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমন্বিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।