মিথ্যা অপপ্রচারের শিকার চন্দ্রঘোনা থানার ওসি শাকের আহমেদ, এমপির মনোনীত প্রতিনিধির বিরুদ্ধে তীব্র নিন্দা জানালো সাধারণ মানুষ

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা–রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ওসি শাকের আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় সাধারণ জনগণ বলছেন, ওসি শাকের আহমেদ খুবই ভালো মনের মানুষ।

স্থানীয়রা বলেন, তিনি থানায় আসার পর থেকে এলাকায় মাদক বিরোধী, ইভটিজিং বিরোধী, বাল্যবিবাহ বিরোধী ও কিশোর গ্যাং বিরোধী অভিযান জোরদার হয়েছে। সাধারণ মানুষ থানায় গিয়ে কোনো হয়রানি ছাড়াই সেবা পাচ্ছেন।

জনগণের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য অবৈধ পন্থায় ওসিকে ব্যবহার করে টাকা ইনকামের রাস্তা করতে চেয়েছিল। ওসি শাকের আহমেদ সেই অবৈধ সুযোগ না দেওয়ায় কিছু লোক তার উপর ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিবাদ জানিয়ে ওসি শাকের আহমেদ লিখেছেন, বাঙ্গালহালিয়া পাহাড়িকা স্কুলের একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রণে গিয়েছিলেন। ওই স্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সাংবাদিক আইয়ুব চৌধুরীও আছেন। মাদক বিরোধী, ইভটিজিং বিরোধী, বাল্যবিবাহ বিরোধী ও কিশোর গ্যাং বিরোধী অভিযানের অংশ হিসাবে কিছু কথা বলার জন্য অনুরোধক্রমে তিনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তিনি আরও লিখেছেন, রাঙ্গামাটি জেলার ১২টি থানার মধ্যে ফ্যাসিস্ট গ্রেপ্তারে তিনি দ্বিতীয় অবস্থানে আছেন। তারপরও কেউ তাকে ফ্যাসিস্ট বানিয়ে দিলে তার কিছু করার নেই।

জিকু কুমার দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে ওসি লিখেছেন, গত ৩-৪ দিন আগে সফিপুর থেকে জুয়া খেলারত অবস্থায় জুয়ার টাকা ও সরঞ্জামসহ তিনজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছিলেন তিনি। তাদের ছেড়ে দেওয়ার জন্য জিকু কুমার দে অনেক অনুরোধ করেছিলেন। আসামিদের পরিবার থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার বিনিময়ে তাকে ম্যানেজ করার কথা বলেছিলেন বলেও তিনি শুনেছেন। একটি সরকারি বাহিনীর নিষেধ থাকায় তিনি তাদের ছাড়তে পারেননি।

এই অপপ্রচারের কাজ যিনি করেছেন, তিনি রাঙ্গামাটি সংসদীয় আসনের এমপি দীপেন তালুকদারের মনোনীত ওই এলাকার প্রতিনিধি। একজন দায়িত্বশীল প্রতিনিধির কাছ থেকে এমন মিথ্যা অপপ্রচার সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। সাধারণ মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজের পারিবারিক ইতিহাস তুলে ধরে ওসি বলেন, তার চৌদ্দগোষ্ঠীর মধ্যে কোনো ফ্যাসিস্ট নেই, সবাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। চন্দ্রঘোনা থানা এলাকার কোনো লোক প্রমাণসহ বলতে পারবে না যে, তিনি কোনো ফ্যাসিস্টদের প্রশ্রয় দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, থানার সেবার বিনিময়ে কারো কাছ থেকে এক টাকা গ্রহণ করেছেন কিংবা কোনো ঘুষ নিয়েছেন। এ বিষয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন।

তিনি আরও বলেন, একটি অনুষ্ঠানে কে কোন পাশ দিয়ে তার সাথে ছবি তুলেছে এবং সে কোন দলীয় পরিচয় বহন করে, এটা পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয়। অথচ সেটাকেই তার বিরুদ্ধে অপপ্রচারের অস্ত্র বানানো হয়েছে।

স্থানীয় সাধারণ জনগণ বলছেন, একজন ভালো অফিসারকে মিথ্যা অপপ্রচার দিয়ে থামানো যাবে না। তারা ওসি শাকের আহমেদের পাশে আছেন।