ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা–ভারতের মেঘালয় সীমান্তবর্তী এলাকা দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা যাতে কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে দাবিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মোটরসাইকেল মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সীমান্তবর্তী বর্ডার রোডে সতর্ক অবস্থানের আহ্বান জানিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা সীমান্তবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ধোবাউড়া একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত দিয়ে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে আরও তৎপর থাকার আহ্বান জানান তাঁরা।
নেতাকর্মীরা আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও সীমান্তবর্তী সড়কে সাধারণ মানুষকে সচেতন করা এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে সতর্ক অবস্থান নিশ্চিত করতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
