রাঙ্গামাটিতে অবাধ ও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিচ্ছে সেনাবাহিনী: জেনারেল নাজমুল হক

মোঃ মোশারপ হোসেন সেলিম রাঙ্গামাটি—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে রং এই পার্বত্য জেলার ২১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। রাঙামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনী এলাকায় বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই ১৫-২০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের সুযোগ নেই। আমরা জাতিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনকালে তিনি বিদেশি সাংবাদিক সাইরাস নাজির সঙ্গে মতবিনিময় করেন। পরে রাঙ্গামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি আরও জানান, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তত্ত্বাবধানে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারছেন।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। ৪১টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রেও পরিস্থিতি স্বাভাবিক এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।
ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।
.