ভাসুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ছোট ভাইয়ের স্ত্রীর

স্বামী একটি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে। তাকে কিভাবে জামিনে বের করা
যায় সেই ব্যাপারে সহযোগিতা এবং পরামর্শ চাইতে গিয়েছিলেন ভাসুর
নেহারুল ওরফে ডালিম হাওলাদারের কাছে তার ছোট ভাইয়ের স্ত্রী (৩০)। তখন ঘরে
একাই ছিলেন ভাসুর। সেই সুযোগে কথাবার্তার ফাঁকে হঠাৎ ভাইয়ের স্ত্রীকে
মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন নেহারুল।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলার ধানসাগর
ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে। এঘটনায় সোমবার রাতে ভাসুরের বিরুদ্ধে
ধর্ষণ চেষ্টার অভিযোগে শরণখোলা থানায় এহাজার দাখির করেছেন এক সন্তানের মা
ওই নারী।
থানায় দাখিল করা অভিযোগে জানা যায়, গৃহবধুর স্বামী মিলন হাওলাদার একটি
মামলায় ৭-৮মাস ধরে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন। তাকে জামিনের জন্য
ওইদিন রাতে ভাসুরের ঘরে যান ওই নারী। ওইসময় ভাসুর নেহারুল ওরফে ডালিমের স্ত্রী-
সন্তানরা অন্যত্র বেড়াতে যাওয়ায় ঘরে তিনি একাই ছিলেন। সেই সুযোগে
নেহারুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকার শুনে
পাশের ঘর থেকে তার ননদ ও অন্য লোকজন ছুটে এলে ভাসুর ঘর থেকে বের হয়ে যান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পশ্চিম
রাজাপুর গ্রামের ছোমেদ হাওলাদারের (চৌকিদার) ছেলে নেহারুল ওরফে ডালিম
হাওলাদারের বিরুদ্ধে তার ছোট ভাইয়ের স্ত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন।
ঘটনার পর অভিযুক্ত নেহারুল পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে।