জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি ; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘RMSTU National Tourism Conference 2026’। এ উপলক্ষে আজ ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার সকাল ১১টায় রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে একটি মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান কনফারেন্সের সার্বিক বিষয়সমূহ উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও কনফারেন্সের সভাপতি ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও কনফারেন্সের সদস্য-সচিব জি এম সেলিম আহমেদ।
এছাড়া রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে ভাইস-চ্যান্সেলর তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬ অনুষ্ঠিত হবে, যেখানে ৭০টিরও বেশি গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ১৬ জানুয়ারি বিকাল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
“Tourism Tomorrow: Nature’s Next Fleck to Explore” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সাইফুল ইসলাম।
সম্মেলনের প্রথম দিনে স্বাগত বক্তব্য দেবেন কনফারেন্স সভাপতি ড. মুহাম্মদ রহিম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কনফারেন্সের কো-চেয়ার মোসা. হাবিবা এবং সমাপনী বক্তব্য রাখবেন কনফারেন্সের সদস্য-সচিব জি এম সেলিম আহমেদ।
দ্বিতীয় দিন ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে কী-নোট স্পিচ, ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টা ৪৬ মিনিটে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মিট দ্য প্রেসে ভাইস-চ্যান্সেলর বলেন, রাঙ্গামাটিতে পর্যটন শিল্পের বিকাশ, প্রচার ও প্রসারে বিশ্ববিদ্যালয় পর্যটন শিল্পের স্টেকহোল্ডার ও সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করবে। এই কনফারেন্সের মাধ্যমে একাডেমিক গবেষণা ও মাঠপর্যায়ের মধ্যে সংযোগ তৈরি হবে এবং স্থানীয় পর্যটন শিল্প ও অর্থনীতি সমৃদ্ধ হবে।
তিনি আরও জানান, কনফারেন্স শেষে পর্যটন শিল্প উন্নয়নে একটি সুপারিশমালা প্রণয়ন করে তা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
২০২৬ সালের মধ্যে বিদেশি সংস্থার অনুদানে বিশ্ববিদ্যালয়ে একটি ট্যুরিজম হাব নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর।
সাংবাদিকরা তাঁদের বক্তব্যে পাহাড় ও লেক সমৃদ্ধ রাঙ্গামাটির পর্যটন উন্নয়নে এ ধরনের কনফারেন্স আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং গবেষণাভিত্তিক পর্যটন উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
শেষে ভাইস-চ্যান্সেলর কনফারেন্সের মিডিয়া পার্টনার ও স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানান এবং মিট দ্য প্রেসে উপস্থিত সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
