ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা-ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোঃ নজরুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া গ্রামের মোঃ মফিজউদ্দিনের ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা নজরুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ধোবাউড়া উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা নিহত নজরুল ইসলামের হত্যার দ্রুত বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।
পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি ধোবাউড়া থানার সামনে গেলে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “খুনি যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে সবাইকে পুলিশকে সহযোগিতা করতে হবে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ শনিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে শনিবার ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে নিহত নজরুল ইসলামের হত্যার দ্রুত বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধোবাউড়া–হালুয়াঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলসহ তার নেতাকর্মীরা। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনেই নিহত নজরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
