বিলাইছড়িতে সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদে পিএসএবি’র নিন্দা ও প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি: বিলাইছড়ি উপজেলা বিএনপি কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে “দি পাংখোয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএসএবি)”। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্য বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। এতে উপজেলা কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির এবং ভানলাল ক্রশা পাংখোয়া (ভিএল পাংখোয়া) বক্তব্য প্রদান করেন। সংগঠনের অভিযোগ, বক্তব্যে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ১২০ (গ) নং তিনকোনিয়া মৌজার হেডম্যান লাল এংলিয়ানা পাংখোয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হয়েছে এবং তাঁর গোষ্ঠীকেও উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। পিএসএবি এক বিবৃতিতে জানায়, তারা উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। তারা বলেন, দায়িত্বশীল রাজনৈতিক পদে থেকে এ ধরনের বক্তব্য সংশ্লিষ্ট দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভানলাল ক্রশা পাংখোয়া পাংখোয়া সম্প্রদায়ের কোনো স্বীকৃত প্রতিনিধি নন এবং তাঁর ব্যক্তিগত বক্তব্য পুরো সম্প্রদায়ের মতামত হিসেবে বিবেচিত হতে পারে না। পাংখোয়া জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে শান্তিপ্রিয় এবং পার্বত্য চট্টগ্রামে সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে বলে সংগঠনটি উল্লেখ করে। পিএসএবি দাবি করেছে, উক্ত বক্তব্য বিলাইছড়ি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং পাংখোয়া ছাত্রসমাজসহ পুরো সম্প্রদায়কে হেয়প্রতিপন্ন করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নাথান এল রনাল পাংখোয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।