
নরসিংদী প্রতিনিধি: জাতীয় পত্রিকা, রূপান্তর বাংলা এডিটর শাহিন আহাম্মেদ ।
নরসিংদী জেলার পলাশ থানার কাওয়াদির গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, ভাঙচুর ও খুনের হুমকির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাওয়াদির গ্রামের মারফত আলীর ছেলে মতালিবের কাছে পূর্বের ধার দেওয়া টাকা চাইতে গেলে মতালিব ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় মতালিব, তার স্ত্রী সেলিনা বেগম ও মেয়ে সখিনা লাঠিসোঁটা নিয়ে পাওনাদারের বাড়ির বাউন্ডারি ভেঙে ফেলে এবং ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তারা পাওনাদারকে মিথ্যা মামলায় ফাঁসানো ও খুনের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক পরিস্থিতি ধারণ করতে গেলে তার ওপরও হামলা চালানো হয়। এতে সাংবাদিক ও পাওনাদার উভয়েই আহত হন।
পাওনাদার নিজের জীবনের নিরাপত্তার আশঙ্কায় পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পলাশ থানার পুলিশ সদস্য কামরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
