নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত মিথ্যা, তথ্যহীন ও মানহানিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাংখোয়া সামাজিক সংগঠন পাংখোয়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (পিএসডব্লিউও)। সংগঠনের একজন সম্মানিত সিনিয়র উপদেষ্টার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করা হয়। সংগঠনের সভাপতির স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলা বিএনপি কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলন বিভিন্ন অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। বিশেষ করে পাহাড়ের চোখ নামক অনলাইন পত্রিকাসহ একাধিক মাধ্যমে উক্ত সংবাদ সম্মেলনের বক্তব্য প্রকাশ করা হয়। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে বিলাইছড়ি উপজেলা বিএনপি কমিটির সভাপতি মোঃ আবদুস সালাম ফকির এবং ভানলাল ক্রশা পাংখোয়া (ডিএল/ভিএল পাংখোয়া) রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ১২০ (এ) নং তিনকোনিয়া মৌজার হেডম্যান জনাব লাল এংলিয়ানা পাংখোয়ার বিরুদ্ধে এবং তাঁর গোষ্ঠীকে জড়িয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, উত্থাপিত বক্তব্যসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর। এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে এবং এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিলাইছড়ি উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে থেকে দলীয় পরিচয় ব্যবহার করে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর বক্তব্য প্রদান দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এছাড়া ভানলাল ক্রশা পাংখোয়া পাংখোয়া সম্প্রদায়ের কোনো স্বীকৃত প্রতিনিধি বা নেতৃস্থানীয় ব্যক্তি নন বলেও বিবৃতিতে স্পষ্ট করা হয়। তাঁর ব্যক্তিগত বক্তব্য কোনোভাবেই পাংখোয়া সম্প্রদায়ের অবস্থানকে প্রতিফলিত করে না। জনাব লাল এংলিয়ানা পাংখোয়া পাংখোয়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (পিএসডব্লিউও)-এর একজন সম্মানিত সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করা হয়। পরিশেষে, ২৪ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে প্রচারিত বক্তব্যের বিরুদ্ধে পুনরায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
