ময়মনসিংহ প্রতিনিধি; ১ মার্চ ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাঁধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে গণমাধ্যম যেন অভাবে না থাকে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ভিগ্নে কোন বাঁধা ছাড়া পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই। আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, সংবাদ, গণমাধ্যম শুধু নয় দেশের জন্যও এটি ভালো সুফল বয়ে আনবে।
শনিবার (২৮ ফেব্রয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুণরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করছে, এই অবদান ভুলার মতো নয়। যদি গণমাধ্যম সঠিক তথ্য জনগণের মাঝে তুলে না ধরতেন তাহলে এই গণতন্ত্র আমরা নাও পেতে পারতাম। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক তবে এটা করতে গেলে অবশ্যই সংবাদিক ভাই বোনদের যে সমস্যাগুলো এটা সমাধান করা প্রয়োজন। সাংবাদিক ভাই-বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে। প্রকৃত সাংবাদিকরা যেন তাদের পেশাদারিত্ব বজায় রাখতে পারে। সরকার গণমাধ্যমের উপর কোন কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যম বান্ধব সরকার। আমরা জনগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা এ সরকারের দায়িত্ব পেয়েছি। আপনাদের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো। কারন আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন তা গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যহত রাখবেন। সরকার ভুল করলে আপনারা ধরিয়ে দিবেন। তবে কেউ যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। সত্যকে সত্য, সাদাকে সাদা আমরা সেটা দেখতে চাই। আমরা যদি ভবিষ্যতে সরকারে নাও থাকি তার পরেও সাদাকে সাদা, কালোকে কালো এ ধারাটা যেন অব্যাহত থাকে সেই দিকে নজর রাখবেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলার সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাকি ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ ্আকন্দ জাহাঙ্গীর প্রমুখ। ময়মনসিংহ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা স্বাগত জানানো হয়। এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
