জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
রবিবার (০১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি হতে দেবে না। উন্নয়ন ও সুযোগ-সুবিধা বণ্টনে সামান্য বৈষম্যও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে বলে সতর্ক করেন তিনি। তাই সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। “আমি আপনাদের সহযাত্রী হতে চাই। পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে—কাউকে বাদ দিয়ে নয়,” বলেন মন্ত্রী। একইসঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং আশ্বস্ত করেন যে, এ অঞ্চলের উন্নয়নের যৌক্তিক দাবিগুলো তিনি সরাসরি সরকার প্রধানের কাছে তুলে ধরবেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
