তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গত ২৪ মার্চ দুপুরে উপজেলার কামারগাঁও ইউনিয়নের উলামাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শামছুল আলম বাদী হয়ে স্থানীয় থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ মার্চ) আনুমানিক দুপুর ২টার দিকে গোলাপ খাঁ, পলাশ খাঁ ও জিয়া আকন্দের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শামছুল আলমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। পরে তারা অতর্কিত হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে পরিবারের সদস্যদের গুরুতর জখম করে।
হামলায় আহতরা হলেন— আশরাফুল আলম (৫০), আছমা আক্তার (৩৫), নাজমা বেগম (৩০), নূর জাহান (৩২), তানজু আক্তার (২০), বিথী আক্তার (১৮), সিহাব (৯), আহমাদ উল্লাহ (১২), আখি আক্তার (২০) ও জ্যোতি আক্তার (২৫)।
আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশরাফুল আলম ও আছমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, হামলার সময় ঘরের টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। যাওয়ার সময় মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।বাদী শামসুল আলম বলেন, আমরা রিকশা নির্বাচন করায় ঘোড়ার বিতর্কিত বিএনপি’র লোকজন আমাদের উপর এই হামলা চালায়।
ভুক্তভোগী পরিবার জানায়, জমি নিয়ে ১৯৭৫-৭৬ সাল থেকে বিবাদীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। বসতভিটার জমি দখলের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
তারাকান্দা থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
