কবরস্থানের গাছ বিক্রির নিউজ প্রকাশের পর ইউনিয়ন আনসার কমান্ডারকে প্রাণনাশের হুমকি

রূপান্তর বাংলা ডেস্ক, রাঙামাটি—-রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সফিপুর সরকারি কবরস্থানের গাছ টেন্ডার ছাড়াই বিক্রি এবং ৭ লক্ষ টাকা আত্মসাতের পাঁয়তারার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন রাঙামাটির সাংবাদিক মোঃ সেলিম ও বিশেষ প্রতিনিধি আব্দুল কাদের।

সংবাদ প্রকাশের পরপরই গাছ বিক্রির সাথে জড়িতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার তলব করেন। তলবের পর কী আলোচনা হয়েছে তা জানা না গেলেও, কবরস্থানের গাছ কাটার অভিযুক্ত মিজানুর রহমান প্রিন্স রূপান্তর বাংলা পত্রিকার সম্পাদকের বড় ভাই, ৩ নং হিলভিডিপি প্লাটুনের পিসি ও ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুর রাজ্জাককে রাত আনুমানিক ১০টার সময় সালামের দোকানের সামনে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
হুমকির বিষয়টি বাঙ্গাল হালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম কমান্ডার মহোদয়কে জানানো হয়েছে।
এ ঘটনায় সম্পাদকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকতার কারণে সরকারি কর্মকর্তাকে এ ধরনের হুমকি সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত সংবাদপত্রের স্বাধীনতার সরাসরি লঙ্ঘনের পাশাপাশি দণ্ডবিধির ১৮৯ ও ৫০৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে রাঙামাটি আনসার ও ভিডিপি সদর দপ্তর এবং বাঙ্গালহালিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিস্তারিত আসছে রূপান্তর বাংলা পত্রিকার পরবর্তী সংস্করণে।