চট্টগ্রামের বাঁশখালীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মো. সরওয়ার হোসাইন চৌধুরী আর নেই

এম এ রাশেদ চৌধুরী:—চট্টগ্রামের বাঁশখালীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মো. সরওয়ার হোসাইন চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার (১৩ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল থেকে তাঁকে বাসায় নেওয়া হয়েছিল। তবে গতকাল থেকে আবারও অবস্থার অবনতি হতে থাকলে বুধবার বিকেলে তাঁকে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর সেনানী।

বিষয়টি নিশ্চিত করে তাঁর ছেলে ফারদীন হোসাইন চৌধুরী বলেন,
“আব্বুকে গতবার মেডিকেল থেকে রিলিজ দেওয়ার পর বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে আজ বিকেলে হাসপাতালে ভর্তি করি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।”

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু মো. সরওয়ার হোসাইন চৌধুরী বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামের শেরবাজ চৌধুরী বাড়ির মরহুম সৈয়দ আহমদ চৌধুরীর একমাত্র ছেলে। মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে এলাকায় বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় পূর্ব রায়ছটা গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। একে একে সেই বীর সেনানীরা বিদায় নিচ্ছেন, রেখে যাচ্ছেন মুক্তিযুদ্ধের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের অমূল্য স্মৃতি।