জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতে ১৯ মে শুরু হচ্ছে তিনদিনের ভূমিসেবা মেলা

ময়মনসিংহ প্রতিনিধি: ১৭ মে ২০২৬——ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে দেশব্যাপী আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলাকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে রোববার (১৭ মে) এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

প্রেস কনফারেন্সে মেলার সার্বিক কার্যক্রম তুলে ধরেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমিসেবা অটোমেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনদিনব্যাপী এ মেলায় ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের সহায়তায় বিশেষ স্টল স্থাপন করা হবে।

মেলায় ই-নামজারি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ বা নকশার আবেদন ও প্রাপ্তি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি এবং সায়রাতমহাল লিজ সংক্রান্ত সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হবে। এসব তথ্য ‘ভূমি আমার ঠিকানা’ নামে একটি বুকলেটেও পাওয়া যাবে, যা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি ভূমিসেবা বিষয়ক হটলাইন ১৬১২২ নম্বরে কল করেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী বলেন, ভূমিসেবায় অটোমেশনের ফলে মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ ভূমিসেবা সহায়তা কেন্দ্র ব্যবহারের মাধ্যমে সহজেই জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে।

তিনি আরও বলেন, জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত ভূমিসেবা পায়, সে লক্ষ্যেই সরকার ‘জনবান্ধব ভূমিসেবা অটোমেশন’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক প্রচারের মাধ্যমে সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।##