ঈদের ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকের ঢল, নদী-লেক-পাহাড়ে মুগ্ধ দর্শনার্থী
*কাপ্তাই (রাঙামাটি)সংবাদদাতা*
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পর্যটন নগরী রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন শুক্রবার ২৯ মে ও শনিবার ৩০ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের স্পটগুলোতে শত শত দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায়, কেউ কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে নৌভ্রমণ করছেন। শিশুরা শিশুপার্কের রাইডে আনন্দে মেতেছে। পরিবার-পরিজন আর বন্ধু-বান্ধব নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পর্যটকরা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
শনিবার বিকেলে কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ এলাকায় কর্ণফুলী নদীর তীরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম দেখা যায়। বিস্তীর্ণ এলাকাজুড়ে দৃষ্টিনন্দন স্থাপনা, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং শিশুদের বিনোদনের আয়োজন পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে।
ঢাকার ধানমন্ডি থেকে আসা আমির হাসান, নুসরাত জাহান ইমা ও ইকফা নিশিতা এবং চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকার ফাহিম ও আরাফাত ইসলাম বলেন, “কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। প্রথমবার এসেছি, জায়গাটি খুব ভালো লেগেছে।”
একই দিন শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসেও পর্যটকদের ভিড় ছিল। নোয়াখালীর বসুরহাট থেকে আসা নুরুল আলম ও মিজানুর রহমান বলেন, “নদী, পাহাড় ও সবুজ প্রকৃতির সমন্বয় কাপ্তাইকে অনন্য করেছে। কর্ণফুলী নদীর ওপর ক্যাবল কার হলে পর্যটনের আকর্ষণ আরও বাড়বে।”
নিসর্গ রিভার ভ্যালির ম্যানেজার জাকির হোসেন জানান, “ঈদের টানা ছুটিতে প্রচুর দর্শনার্থী এসেছেন। সব কটেজ আগেই বুকিং হয়ে গেছে।”
শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের পরিচালক মো. সোহেল বলেন, “এবার ঈদে আমাদের রেস্টুরেন্টে পর্যাপ্ত পর্যটক এসেছেন। খাবারের মান ভালো হওয়ায় ইতিবাচক সাড়া পেয়েছি।”
কর্ণফুলী নদীর নৌচালক মনা জানান, “গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা অনেক বেশি। প্রতিদিন অসংখ্য পরিবার নৌভ্রমণে অংশ নিচ্ছেন।”
এছাড়া নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ, রিভারভিউ, রাইংখ্যং আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট ও বনশ্রী পর্যটন কেন্দ্রসহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “ঈদ উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”
*ছবির ক্যাপশন:* ঈদের ছুটিতে ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ এবং শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে পর্যটকদের উপচে পড়া ভিড়।
*#কাপ্তাই #রাঙামাটি #ঈদযাত্রা #পর্যটন*
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
