রাঙ্গামাটি সংবাদদাতা প্রতিনিধি–জীবিকার তাগিদে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে সহকর্মীর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে লাশ হয়ে ফিরলো বাঁশখালীর ইসমাইল। এ ঘটনায় অভিযুক্ত পারভেজকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার রাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন কাপ্তাই হ্রদের পাড়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল সংলগ্ন আতিয়ারের পাহাড় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার এসআই দীপক চৌধুরী। এতে আরও ৪ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
নিহত ইসমাইলের সহকর্মীরা জানায়, মাছ ধরতে কাপ্তাই লেকে জাল ফেলে ভাত খেতে বসে তারা। এ সময় অভিযুক্ত পারভেজ ফোনে মায়ের সাথে কথা বলছিলো। কথা বলার এক পর্যায়ে সহকর্মীদের দিকে দা নিয়ে ছুটে আসে পারভেজ। এ সময় কেউ কেউ পানিতে লাফিয়ে পড়ে।
এ ঘটনায় নিহত ইসমাইল দৌঁড়ে পালাতে গেলে জঙ্গলে পা আটকে পড়ে যায়। এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি ধারালো দা দিয়ে কোপ দিতে থাকে পারভেজ। এতে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইসমাইল। এতে নুর মোহাম্মদ, ননাইয়া মো ও নারায়ণ দাশ সহ মোট ৪ জন আহত হয়েছে বলে জানা যায়।
আসামি পারভেজ (২২) বাঁশখালী এলাকার আঞ্জুমান পাড়া এলাকার জাফর আলীর ছেলে। এবং নিহত ইসমাইল (১৫) বাঁশখালী থানার দিঘিরপাড়া এলাকার নুরু আলমের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হলে চট্টগ্রামের বাঁশখালী থেকে এই এলাকায় কাজ করতে আসে তারা। সুকান্ত দাশ (মাঝি) নামের এক লোকের মাধ্যমে জাল টেনে জীবিকা নির্বাহ করতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত পারভেজকে আটক করে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে আহত ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান পুলিশ সদস্যরা। আহতদের নানিয়ারচর ও রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। তথ্য উপাত্ত যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
