সাইবার সেলের সফলতায় রাঙ্গামাটিতে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

রূপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি—তথ্য প্রযুক্তির ব্যবহার করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ ২১ জুলাই ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সুপার বলেন, “হারানো মোবাইল ফোন উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।”

মোবাইল ফেরত পেয়ে ভিকটিমগণ তাদের সন্তুষ্টির কথা জানান এবং পুলিশ সুপারসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, ইনচার্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল সহ সেলের অন্যান্য সদস্যবৃন্দ।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ।

উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম