মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল ও মিথ্যা মামলা খতিয়ে দেখার আশ্বাস – পুলিশ সুপার রকিব, পিপিএম

রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি–মাদক, জায়গা দখল ও মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

আজ রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়ে পুলিশ সুপার বলেন, “মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। মাদক শুধু অন্যের সন্তান নষ্ট করে না, একদিন আমার-আপনার সন্তানও এর শিকার হতে পারে।”

ভয়াবহ মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার জন্য পুলিশের কাছে আসতে পারবে না। তারা সেই সুযোগ পাবে না।” আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি বলেন, কেউ অন্যায় করে ছাড় পাবে না।

এসময় রাজস্থলীর চন্দ্রঘোনা থানাধীন বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলীর পরিবারের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ ও দখলকারীদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা করার বিষয়টি উঠে আসে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানানো হয়। কারণ তার পূর্বের নির্দেশে চন্দ্রঘোনা থানায় ০২/২৬ নং, তাং- ০৫/০৬/২৬।মামলা রুজু হয়েছে। উক্ত মামলায় ভুক্তভোগী পরিবারের পক্ষে রেজিয়া বেগম বাদী হয়েছেন।
মামলার পূর্বের অভিযোগ শুনে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানান। একই সাথে তিনি সিআর ৩৯০/২৬ মামলার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন এবং বলেন, “প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “কেউ যেন পেশি শক্তি ব্যবহার করে কারো সম্পত্তি দখল করতে না পারে। ভুক্তভোগীরা থানায় আসলে তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”