এম এ রাশেদ চৌধুরী:—ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা এবং পরে ট্রাকচালককে আটকানোর চেষ্টাকালে পিষ্ট হয়ে মাসুম হাওলাদার (৩২) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। ঘটনার পর অজ্ঞাতনামা ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে ছাগলনাইয়া থানাধীন মুহুরীগঞ্জ হাইওয়ে এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম হাওলাদার ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম চাঁন মিয়া হাওলাদার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার মুহুরীগঞ্জ হাইওয়ে এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় গাড়িটি মহাসড়কের মাঝামাঝি অবস্থায় থাকায় চালক মাসুম হাওলাদার সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এমন সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা দেওয়ার পর ট্রাকটি পেছনে নিয়ে পুনরায় দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকার চালক মাসুম হাওলাদার ট্রাকচালককে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ট্রাকে উঠে ঝুলন্ত অবস্থায় থাকাকালে ট্রাকচালক তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয় বলে পুলিশ জানিয়েছে। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ও ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে ঘটনার পর অজ্ঞাতনামা ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। নিহত চালকের প্রাইভেটকারের মালিকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ঘটনাটি নিয়ে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
