মুক্তাগাছায় ভাড়ার টাকা চাওয়ায় ভ্যান চালককে পিটিয়ে আহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের বটগাছিয়া বাজারে ভাড়ার টাকা চাওয়ায় এক ভ্যান চালকে পিটিয়ে গুরুতর আহত ও মুখের দুইটি দাঁত ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাত দিন চিকিৎসা শেষে বাদী ভ্যান চালক সুমন মিয়া (২৯) বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। মামলা নং-৪৩৪/২৬, তারিখ-২০/০৮/২০২৬ ইং।
ঘটনার বিবরণে জানা যায়, গজিয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র মিলন বটগাছিয়া বাজারে ব্যবসা করে। তার ব্যবসায়িক মালামাল ভ্যান চালক সুমন মিয়া পরিবহন করে এনে দেয়। তার ভাড়া বাবদ ১৫ শত টাকা পাওনা হয়। গত ১০/০৮/২০২৬ ইং তারিখ সন্ধ্যায় উক্ত টাকা মিলন মিয়ার কাছে চাইতে গেলে মিলন তার সাথে অশালীন আচরণ ও মারধর করে। এ ব্যাপারে সুমন মিয়া বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানালে তার মা সহ বটগাছিয়া বাজারে এসে মিলনের দোকানের সামনে আসা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে মিলনের ভাড়াটিয়া লোকজন লোহার রড সহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমন করে। প্রতিপক্ষের রডের আঘাতে সুমনের মুখের দুটি দাঁত ভেঙ্গে যায়। এ সময় তার মা বাঁধা দিলে আসামীরা তার মায়ের মাথার চুল ধরে টানাহেচঁড়া করে শ্লীলতাহানী ঘটায়। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা প্রাণে বেঁচে যায়। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। চিকিৎসা শেষে ১৬/০৮/২৬ ইং তারিখ বাড়িতে এসে মামলার প্রস্তুতি নেয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় থানাতে না গিয়ে ময়মনসিংহ জুডিশিয়াল আদালতে ২০/০৮/২০২৬ ইং তারিখ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। বর্তমানে বাদী সুমন মিয়া আসামীদের হুমকি ধামকিতে প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না। সে নিরাপত্তা হীনতায় ভুগছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বাদী সুমন মিয়া।