কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

কর্ণফুলী চট্টগ্রাম (সংবাদদাতা)–“নিজের আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “প্রতিদিন জমা পানি দূর করি” এ স্লোগানে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক রাস্তার মাথা থেকে শুরু হয়ে ব্রীজঘাট গিয়ে উক্ত রেলী শেষ হয়।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় প্রধান অতিথি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার বর্তমানে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই কর্মসূচি চলবে। অন্যান্য বছরের মত এবছরও ডেঙ্গুর ভয়াবহতা প্রবল আকার ধারণ করেছে। ইতিমধ্যে সরকার এ ভয়াবহতা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত টেস্ট কীট এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। রোগীর চিকিৎসাসেবা সহজতর করতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিশেষ ‘ডেঙ্গু কর্নার’ চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, সীমাবদ্ধ সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। এসময়ের মধ্যে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। আজ আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি তা থেকে মুক্তি লাভের জন্য প্রথম কাজ হলো সচেতনতা বৃদ্ধি করা। শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা এ দুরাবস্থার থেকে মুক্তি লাভের আসায় বসে থাকলে দিনদিন আমাদের চারপাশের অবস্থা আরো ভয়াবহ রুপ ধারণ করবে। তাই আমি আজকের র‍্যালি থেকে এ মহামারী মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোহম্মদ কামরুজ্জামান, (স্টাফ অফিসার টু ডিসি স্যার) মোহাম্মদ আসিফ জাহান সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ ফায়সাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব জিএম জসিম উদ্দিন, বিএনপি নেতা মির্জা ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহমেদ, সদস্য সচিব সেলিম খান, বিএনপি নেতা আলাউদ্দিন শিমুল, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিবসহ এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা, সিপিপি ও স্কাউট সদস্যবৃন্দ।