পাইকগাছায় ১৫১টি দুর্গাপূজা মন্দিরে আর্থিক সহায়তা, সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কয়রা,খুলনা(প্রতিনিধি):তৌহিদুর রহমান শান্ত
খুলনা, ১৫ অক্টোবর ২০২৬: খুলনার পাইকগাছা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছা উপজেলা মিলনায়তনে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

ফাহমিদা হক বলেন, প্রধানমন্ত্রী দেশের সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পর্যবেক্ষক দল এবং মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী এই সম্প্রীতি নষ্ট করতে না পারে।

তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছা অঞ্চলের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে তালিকা জমা দেওয়া হয়েছে। অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার ১৫১টি শারদীয় দুর্গাপূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার তুলে দেওয়া হয়। প্রতিটি মণ্ডপের জন্য ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৪৭টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছেন। দুর্গাপূজা আনন্দঘন ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরাও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “এই বাংলাদেশ সবার, এখানে অশুভ শক্তির ঠাঁই নেই।” বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে দেশের উন্নয়ন ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, যুব ও কৃষক দলের প্রতিনিধিরা, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেকও প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

ছবির ক্যাপশন: পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর অনুকূলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।