লংগদু থানা ও দুই পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন রাঙ্গামাটির পুলিশ সুপার

রাঙ্গামাটি প্রতিনিধি—-রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ ২০ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে লংগদু থানা এবং লংগদু থানাধীন গুলশাখালী ও পাবলাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় লংগদু থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি গুলশাখালী ও পাবলাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন এবং ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নিয়মিত টহল জোরদার এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তাঁদের আবাসন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং অফিসার ইনচার্জ, লংগদু থানা জনাব জাকারিয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।