কয়রা খুলনা প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত—-সুন্দরবনে হরিণ শিকারবিরোধী যৌথ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ডিঙি নৌকা, খণ্ডিত হরিণের মাথা, কলিজা ও নাড়িভুঁড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুন্দরবনের ক/৩৬ কম্পার্টমেন্টের ময়দাপাশা খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ. জেড. এম. হাছানুর রহমানের নির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম এবং বানিয়াখালী ফরেস্ট স্টেশনের ফরেস্ট রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা কে. এম. রাশেদ সাদাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে হায়াতখালী টহল ফাঁড়ির বনকর্মী ও সিপিজি সদস্যরা অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে একজনকে আটক করা হয়। এ সময় একটি ডিঙি নৌকা, একটি খণ্ডিত হরিণের মাথা, আনুমানিক দেড় কেজি হরিণের কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা একটি সাদা ককশিট জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে অংশ নেওয়া বনকর্মী ও সিপিজি সদস্যদের সাহসিকতা, আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে বন বিভাগ। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, হরিণ শিকার প্রতিরোধ এবং বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সুন্দরবনে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং বন্যপ্রাণী ও বনসম্পদ সংরক্ষণে বন বিভাগের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
