এম এ রাশেদ চৌধুরী: ক্লিন সিটি, গ্রিন সিটি র স্লোগান শুধু মুখে বললে হবে না, বাস্তবে এর প্রতিফলন ঘটাতে হবে। একদিকে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপে নগরবাসী মৃত্যুঝুঁকিতে রয়েছেন। পরিস্থিতি বুঝতে হাসপাতালগুলোতে গেলেই বাস্তব চিত্র দেখা যাবে—চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
চট্টগ্রামের পতেঙ্গা থানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আগে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে রাফি চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু আক্রান্তের বর্তমান পরিস্থিতি এবং চলতি বছরের পরিসংখ্যান তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নগরবাসীর জীবন ও জনস্বাস্থ্য রক্ষায় শুধু প্রচারণা বা স্লোগান যথেষ্ট নয়; পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করতে পারে। তাই প্রতিরোধমূলক কার্যক্রমে অবহেলার সুযোগ নেই। একই সঙ্গে নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে সচেতন হতে হবে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক, পতেঙ্গা থানা এনসিপির আহ্বায়কসহ স্থানীয় পর্যায়ের এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতৃবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে মশক নিধন, ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান আয়োজকেরা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
