সাজেক পর্যটন সড়কে ৩য় দফায় অবরোধ, রাস্তায় সাজেকবাসী

সাজেক (রাঙামাটি) প্রতিনিধি রূপান্তর বাংলা–এলাকায় অশান্তি সৃষ্টিকারী জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ৬টা থেকে এই সড়ক অবরোধ শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটন নিরাপদ করতে তাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে অন্যতম হলো এলাকা থেকে সশস্ত্র সদস্যদের প্রত্যাহার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

এর আগে একই দাবিতে গত ১১ ও ১৫ অক্টোবর দুই দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এদিকে সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ থাকায় পর্যটক ও স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেএসকেপি