বান্দরবানে পাহাড়ি সংস্কৃতি সুরক্ষায় সমন্বিত উদ্যোগ: এক বছরের মধ্যে উন্নত কালচারাল কমপ্লেক্স নির্মাণের ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর

রূপান্তর বাংলা ডেক্স—বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

পরিদর্শন শেষে ইনস্টিটিউট প্রাঙ্গণে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও লোকজ জ্ঞান সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় সম্পদ। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, লোকসংগীত, নৃত্য, পোশাক ও উৎসব আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্থানীয়দের অংশগ্রহণ জরুরি।

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ের প্রতিটি জাতিসত্তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় রয়েছে। এসব সংরক্ষণ করতে পারলে স্থানীয় সংস্কৃতির বিকাশের পাশাপাশি দেশের সাংস্কৃতিক দিগন্ত প্রসারিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ঘোষণা দেন, আগামী এক বছরের মধ্যেই বান্দরবানে একটি অত্যাধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হবে এবং থানচির ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটকে আধুনিকায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।