সংবাদ শিরোনাম

বান্দরবানে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ শুভ উদ্বোধন: পাহাড় ও সমতলের সব জাতিসত্তার সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান-২ মন্ত্রীর

রুপান্তর বাংলা বান্দরবান, ২৬ অক্টোবর:
বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে বান্দরবান পৌরসভার উৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ২০২৬’ এর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল রাতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সব জাতিসত্তার সম্মিলিত অংশগ্রহণেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশের বৈচিত্র্যময় জাতিসত্তা, ইতিহাস ও সংস্কৃতিই আমাদের জাতীয় পরিচয়ের মূল শক্তি। পাহাড় ও সমতলকে আলাদা করে দেখার সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সূচিত হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো নেশন’ এর স্বপ্ন বাস্তবায়নে সকলের অংশগ্রহণ প্রয়োজন। ‘রেইনবো নেশন’ ধারণা বাস্তবায়নে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বড় কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি ঘোষণা দেন। আজকের এই আয়োজনকে তিনি রেইনবো নেশন বাস্তবায়নের শুভ সূচনা হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা।