কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১৫ মামলার পলাতক আসামী সন্ত্রাসী ইউসুফ সহ ১১ জন গ্রেফতার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি— রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ও জিআর পরোয়ানাভুক্ত আসামী, প্রতারক এবং ০৩ জন কিশোরসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে প্রীতি লাল চাকমা (৫২) এর হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন – মাদক কারবারি মজিবুর রহমান, মোঃ জয়নাল, মোঃ মনির হোসেন, মোঃ রায়হান আলী, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ও জিআর পরোয়ানাভুক্ত মোহাম্মদ ইউসুফ (২৬) যিনি ১৫ মামলার আসামী, এনায়েত উল্লাহ প্রকাশ রাসেল এবং প্রতারণার অভিযোগে সুমন তঞ্চঙ্গ্যা।

এছাড়া বেসামাল অবস্থায় ঘোরাফেরা করার কারণে ০৩ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদের পিতা-মাতার অনুরোধে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় প্রদান করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।