সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

রুপান্তর বাংলা ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬: দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নে গমন করেন। এ সময় তিনি খাগড়াছড়ি রিজিয়নে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন তিনি।

পাশাপাশি, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

সফরকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।