ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে জাকিয়া (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও নামাপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
জাকিয়া ওই গ্রামের আইয়ুব আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ নিখোঁজ হয় জাকিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের একদিন পর স্থানীয় একটি ধানক্ষেতের আইলের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের মধ্যে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়েছে। তবে ধর্ষণ বা হত্যার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে। # সিরাজুল হক সরকার
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
