মিথ্যা স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জাল বিস্তার করছে বহুরূপী মাসুম বিল্লাহ ঠেকাবে কে -পর্ব ১

রুপান্তর বাংলা সিলেট সংবাদদাতা—সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন ভুয়া পরিচয়ের আড়ালে এক নারীর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, টাকা ফেরত চাইলে উল্টো ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের মিথ্যা ও পর্নোগ্রাফির হুমকি দিয়ে হেনস্থা করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই নারী জানান, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় কখনো সরকারি কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো ডিবি কর্মকর্তা কিংবা বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে মানুষের সঙ্গে মিশতেন এবং প্রতারণাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। মিষ্টি কথায় ভোলানো ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে নারীদের মন জয় করাই ছিল তাঁর প্রধান কৌশল।
​ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের আশ্বাসের ফাঁদে ফেলে অভিযুক্ত ব্যক্তি ধাপে ধাপে তাঁর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ওই ব্যক্তির প্রতারণার আসল রূপ এবং তাঁর বিরুদ্ধে আরও প্রায় ডজনখানেক মেয়ের সঙ্গে একই ধরনের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন ভুক্তভোগী। এসব তথ্য জানার পর তিনি সম্পর্ক ত্যাগ করে নিজের পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি টাকা তো দিচ্ছেনই না, বরং উল্টো তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি দিচ্ছেন। ভুক্তভোগীর দাবি, তাঁর এডিটেড বা মিথ্যা ছবি পর্নোগ্রাফির সঙ্গে জুড়ে দিয়ে সমাজে তাঁকে হেনস্থা করার ভয়ভীতি দেখানো হচ্ছে। এই প্রতারণার পক্ষে অভিযুক্তের অসংখ্য কল রেকর্ড, ভিডিও, চ্যাটের স্ক্রিনশট এবং ছবিসহ অকাট্য ডিজিটাল প্রমাণ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।
​অনুসন্ধানে জানা যায়, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মাসুম বিল্লাল ফারদিন (MD. MASUM BILLAL FARDIN); পিতা: মৃত মনোয়ার হোসেন রহমতুল্লাহ, মাতা: মৃত নাজমা আক্তার। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা: বাসা/হোল্ডিং: ৩৫, মৌজা/মহল্লা: মাহমুদপুর, উপজেলা/থানা: সিরাজগঞ্জ সদর, ইউনিয়ন/ওয়ার্ড: ওয়ার্ড নং-০১, ডাকঘর: সিরাজগঞ্জ সদর – ৬৭০০, জেলা: সিরাজগঞ্জ, বিভাগ: রাজশাহী।
​ভুক্তভোগী নারী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা জানান, সংগৃহীত ডিজিটাল প্রমাণাদি ও হুমকি-ধুমকির বিষয়গুলো উল্লেখ করে খুব শীঘ্রই সিলেটের গোলাপগঞ্জ থানায় একটি লিখিত আইনি অভিযোগ দায়ের করা হবে।
​এদিকে, সংবাদটি প্রকাশের পূর্বে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‘রূপান্তর বাংলা’র পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তীতে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।