রূপান্তর বাংলা ডেস্ক:—-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্যবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় খোকন দে (৪৫) নামে এক ডেলিভারি ম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুইজন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল অনুমান ৩টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রঘোনা থানাধীন রাঙ্গামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে আবুল খায়ের কোম্পানির দুগ্ধ সামগ্রী পরিবহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন। পিকআপ ভ্যানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতরা হলেন-
১) খোকন দে (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- শিলক, থানা- দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম। দুর্ঘটনায় তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
২) আমজাদ হোসেন (৬০), পিতা- অজ্ঞাত, সাং- শিলক, থানা- দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম।
দুর্ঘটনার পর আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দুইজনকেই দ্রুত রাঙ্গুনিয়া হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার / এসআর খোকন দে কে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম. সাকের আহমেদ জানান, গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
