সরকারের ট্যাগ দিয়া রাস্তায় হেনস্থা করে পুলিশে দেওয়া — এটা স্বাধীন দেশে কল্পনা করা যায় না: মোঃ রিয়াজ উদ্দিন রানা

রূপান্তর বাংলা ডেস্ক—বিগত সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ডিসি, এসপি, সচিব, উপসচিবসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারের লোক ট্যাগ দিয়া রাস্তায় হেনস্থা করে পুলিশে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ।

সর্বশেষ চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আবার সামনে এসেছে।

এ বিষয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন, সরকারের ট্যাগ দিয়া বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে যেভাবে রাস্তায় হেনস্থা করা হচ্ছে, অপমান করে পুলিশে দেওয়া হচ্ছে, এটা কল্পনাবিহীন। এই স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না।

তিনি আরও বলেন, আজকে যারা এই অবস্থা করতেছেন, অতীত সরকারের কর্মকর্তা-কর্মচারী হিসেবে তাদেরকে যেভাবে ধরা হচ্ছে, তো বর্তমান সরকারের যে কর্মকর্তা-কর্মচারী আছে, তাদেরকে যে ভবিষ্যতে কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে?

মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন, ডিসি, এসপি, সচিব, উপসচিব এরা কোনো রাজনৈতিক দলের লোক না। এরা রাষ্ট্রের কর্মচারী। সরকার যেই থাকুক, তারা সরকারের কার্যক্রম পরিচালনা করেন। বিগত সরকারের সময় চাকরি করেছেন, এই কারণে রাস্তায় ধরে অপমান করে জেলে দেওয়া হলে প্রশাসন ভেঙে পড়বে।

তিনি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু অভিযোগ যাচাই ছাড়া রাস্তায় হেনস্থা করা হলে ভবিষ্যতে কোনো কর্মকর্তাই আর নিরপেক্ষভাবে কাজ করতে সাহস পাবেন না।