দুর্গম দুমদুম্যা ইউনিয়নের হলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শনে রাঙামাটির জেলা প্রশাসক,

জাহাঙ্গীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী দুটি অত্যন্ত দুর্গম হলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) তিনি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম হলিসর্টি ভোটকেন্দ্র ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের দুর্গম হলিসর্টি ভোটকেন্দ্র বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।এই প্রথম কোনো জেলা প্রশাসকের পদচারণা বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে

উল্লেখ্য, এই দুটি ভোটকেন্দ্রই হেলিকপ্টারযোগে যাতায়াতযোগ্য (হলিসর্টি) কেন্দ্র। বিশেষ করে জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি এই প্রথম কোনো জেলা প্রশাসক পরিদর্শন করলেন। ভোট কেন্দ্রটি বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিহীন একটি অতি দুর্গম এলাকায় অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, দুমদুম্যা ইউনিয়নে পৌঁছাতে হলে জুরাছড়ি উপজেলা সদর থেকে প্রায় দুই দিন পায়ে হেঁটে যেতে হয়। বিকল্পভাবে রাঙামাটি হয়ে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভেতর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সেখানে পৌঁছাতে হয়।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফী স্থানীয় জনগণের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণের মাঝে তাদের মাতৃভাষায় লিখিত গণভোটের প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসকের এই উদ্যোগ দুর্গম এলাকার জনগণের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে আগ্রহ ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।