ময়মনসিংহ প্রতিনিধি:—ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালকাপুর গ্রামে প্রায় ২৫ বছর আগে ক্রয়কৃত একটি জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালকাপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আবুল হোসেন প্রায় ২৫ বছর আগে হতরপাড়া গ্রামের আব্দুল গফুরের কাছ থেকে ৩৫ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি জমিতে মাটি ভরাট করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।
অভিযোগ রয়েছে, শুক্রবার সকালে স্থানীয় ফরিদ আলীর ছেলে বিল্লাল, এছাহাক ও রফিকুল মুন্সীসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ ওই জমিতে প্রবেশ করে। এ সময় তারা আবুল হোসেনের রোপণ করা কয়েকটি গাছের চারা কেটে ফেলে এবং জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জমির মালিক আবুল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা এ জমিতে গত বছর প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করেন। হঠাৎ করেই একটি পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে অভিযুক্ত বিল্লালসহ তার সহযোগীরা দাবি করেন, ১৯৯২ সালে সামাজিক বনায়নের আওতায় বন বিভাগ তাদের এই জমির দলিল প্রদান করে। পরবর্তীতে সেখানে আর কোনো বনায়ন কার্যক্রম হয়নি। তাদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জমিটি দখলে রেখেছিল। বর্তমানে তারা নিজেদের জমি পুনরুদ্ধার করেছেন। পাশাপাশি ওই জমির সংলগ্ন আরও আরএসভুক্ত (আরআর) জমিও তাদের রয়েছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে বন বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
